ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সনাক-এর সহযোগী শক্তি হলো ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ। তাদের মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা এবং সততা, নিষ্ঠা, নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার মতো সুনাগরিকত্বের মূল্যবোধে উজ্জীবিত করা। দেশজুড়ে টিআইবির রয়েছে এমন ৬১টি স্বপ্নবাজ তরুণদের দল, যাদের মধ্যে ৪৫টি বিভিন্ন সনাক-এর অধীনে এবং বাকি ১৬টি ‘ঢাকা ইয়েস’ নামে টিআইবির ঢাকা কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণদের নিয়ে গড়া এই ইয়েস গ্রুপগুলো সনাক-এর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই অংশগ্রহণ তরুণদেরকে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত করে এবং তারা দুর্নীতিবিরোধী আন্দোলনের আগামী দিনের কাণ্ডারী হিসেবে নিজেদের যোগ্য করে তোলার সুযোগ পায়। তাদের সৃজনশীলতা, অফুরন্ত প্রাণশক্তি আর নতুনত্বের ছোঁয়ায় ইয়েস সদস্যরা সমাজে ইতিবাচক পরিবর্তনের এক একজন অগ্রসেনানী হয়ে উঠছে। দুর্নীতিবিরোধী এই চেতনাকে আরও বেগবান ও টেকসই করতে তারা অদম্য সাহস আর নেতৃত্বের গুণাবলী অর্জন করছে।

ইয়েস গ্রুপগুলোর প্রধান কার্যক্রম হলো-

  • সনাক বা অধিভুক্ত প্রতিষ্ঠানের নিজ নিজ এলাকায় দুর্নীতিবিরোধী জনমত শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা ও অনুপ্রেরণামূলক প্রচারণা চালানো;
  • শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারসহ নির্দিষ্ট প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম চিহ্নিত করা এবং তথ্য সংগ্রহ ও গবেষণা জরিপ পরিচালনায় অংশ নেওয়া;
  • জবাবদিহিমূলক ও স্বচ্ছ সুশাসনের জন্য প্রচারাভিযানে সনাক-এর সঙ্গে বিভিন্ন উদ্যোগে অংশ নেওয়া;
  • টিআইবি আয়োজিত বিভিন্ন জাতীয় কার্যক্রমে, যেমন - জাতীয় ও আঞ্চলিক সম্মেলন, রচনা, বিতর্ক ও কার্টুন প্রতিযোগিতা, র‍্যালি, সেমিনার ইত্যাদি আয়োজন ও তাতে অংশগ্রহণ করা;
  • দুর্নীতি ও সুশাসন সম্পর্কিত বিষয়ে পাঠচক্র এবং সহশিক্ষামূলক আলোচনা সভার আয়োজন করা;
  • আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালন করা;
  • স্যাটেলাইট সেবাসহ তথ্য ও পরামর্শ ডেস্ক (এআই-ডেস্ক) ক্যাম্পেইন; তথ্য অধিকার আইনের প্রয়োগকে প্রধান লক্ষ্য করে তথ্য প্রকাশ সেবা, যেমন - তথ্যমেলা, তথ্য প্রাপ্তির জন্য প্রশিক্ষণ ইত্যাদি বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে তথ্য প্রকাশ ও উন্মুক্ততার চাহিদাকে শক্তিশালী করা; এবং
  • তাদের নিজস্ব ম্যাগাজিন এবং স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে দুর্নীতিবিরোধী নিবন্ধ, গল্প ও ফিচার লেখা।

আরও জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

দুর্নীতিবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী হোন

কীভাবে যুক্ত হতে পারি?