টিআইবি বিশ্বাস করে, গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো দুর্নীতিবিরোধী আন্দোলন সফল হতে পারে না। দুর্নীতিবিরোধী একটি নজরদারি সংস্থা হিসেবে টিআইবির পাশাপাশি গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। প্রিন্ট ও ইলেকট্রনিক উভয় ধরনের গণমাধ্যম টিআইবির কার্যক্রম ব্যাপকভাবে প্রচার করে। টিআইবি গণমাধ্যমের সুদূরপ্রসারী প্রভাবকে কাজে লাগায় এবং দুর্নীতিবিরোধী বার্তা সম্বলিত প্রতিবেদন ও বিজ্ঞাপন প্রচার করে থাকে। এ পর্যন্ত টিআইবি দুর্নীতিবিরোধী একাধিক টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রকাশ করেছে।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে গণমাধ্যম ও সাংবাদিক সমাজ টিআইবির অন্যতম প্রধান অংশীজন। টিআইবি মনে করে স্বাধীন গণমাধ্যম জনগণকে দুর্নীতিবিরোধী ও সুশাসন সংক্রান্ত বিষয়ে সচেতন করতে কার্যকর ভূমিকা রাখে। যার ফলশ্রুতিতে দুর্নীতির বিরুদ্ধে নীতিগত ও প্রায়োগিক সংস্কার আনতে সরকারের দায়বদ্ধতা তৈরি হয়। টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ সাংবাদিকদের এ বিষয়ের জানার পরিধি বাড়াতে সহায়তা করে। সাংবাদিকরা এই আধুনিক ও সময়োপযোগী অনুসন্ধান কৌশলগুলো বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়ম উন্মোচনে কাজে লাগান।
টিআইবি নিয়মিতভাবে গণমাধ্যম বিষয়ক সংলাপ ও গোলটেবিল আলোচনা আয়োজন করে। পাশাপাশি, জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ, অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ও ফেলোশিপ প্রদান করে থাকে। অনেক সময় নির্দিষ্ট খাতভিত্তিক বিষয়েও এসব কার্যক্রম পরিচালিত হয়।