সনাক, ইয়েস গ্রুপের সঙ্গে টিআই চেয়ারের মতবিনিময়

প্রকাশকাল: ০৫ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারী সরকারী কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার আরিফা ১২ ঘণ্টার ট্রেনযাত্রা করে ঢাকায় আসেন। উদ্দেশ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর আন্তর্জাতিক বোর্ডের চেয়ারপারসন ড. ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা।

আরিফার মতই গত ৩ সেপ্টেম্বর ২০২৫ দেশব্যপী সক্রিয় ৬০টি ইয়েস গ্রুপের সক্রিয় সদস্যরা ড. ভ্যালেরিয়াঁর সঙ্গে বৈঠক করেন। টিআই চেয়ারপারসন তরুণদের প্রশ্নের উত্তর দেন। ড. ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ তাঁর প্রথম বাংলাদেশ সফরের অংশ হিসেবে বৈঠকে অংশ নেন। আরিফা বলেন, "ড. ভ্যালেরিয়াঁ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতিবিরোধী বৈশ্বিক কার্যক্রমের বিশদ বর্ণনা দিয়েছেন। বিশেষ করে কোস্টা রিকার মতো দেশগুলির উদাহরণ, যেখানে তরুণ রাজনীতিবিদরা নির্বাচনী ব্যয়ের বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দিচ্ছে, এ সম্পর্কে জানতে পারা আমাদের তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক ছিল।"

দুর্নীতিবিরোধী আন্দোলনের বৃহত্তর চ্যালেঞ্জগুলো নিয়ে ইয়েস সদস্যরা প্রশ্ন রাখেন। তাদের প্রশ্নের মাধ্যমে উঠে আসে বৈশ্বিক দুর্নীতিবিরোধী কৌশল, স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা এবং যুবসমাজের সম্পৃক্ততার মত বিষয়। ড. ভ্যালেরিয়াঁ তাদের প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দেন এবং তাদের উৎসাহিত করেন।

টিআইবির কার্যক্রম এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে বাংলাদেশের তরুণদের সম্পৃক্ততার প্রশংসা করে ড. ভ্যালেরিয়াঁ তাঁর বক্তৃতায় বলেন, "আপনাদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাই দুর্নীতিবিরোধী লড়াইয়ের সামনের সারির যোদ্ধা । বর্তমান পৃথিবী জলবায়ু পরিবর্তনের মতো বিরাট সমস্যার সম্মুখীন। দুর্নীতি এই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান অতিরিক্ত কার্বন নিঃসরণ ঘটিয়েছে এবং তা ঢাকতে বিপুল অঙ্কের ঘুষও দিচ্ছে। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এমন পরিস্থিতি বিপজ্জনক।"

ড. ভ্যালেরিয়াঁ আরও বলেন, তরুণরাই পরিবর্তন আনতে পারে, তারা ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে পারে এবং প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে পারে। তাঁর বক্তব্যের মাধ্যমে ইয়েস সদস্যরা স্থানীয় এবং বৈশ্বিক পর্যায়ের দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রাসঙ্গিকতা সম্পর্কে অবগত হন। এর আগে ২ সেপ্টেম্বর ড. ভ্যালেরিয়াঁ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতিদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক দক্ষতার শক্তিশালী মেলবন্ধনের উদাহরণ হিসেবে এই সভায় মাঠপর্যায়ে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের অংশীজনেরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। সফরের প্রথম দিনে ড. ভ্যালেরিয়াঁ বৈশ্বিক দুর্নীতি, যুবসমাজের সম্পৃক্ততা, আদিবাসীদের অধিকার, অর্থপাচার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা সংক্রান্ত বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় অংশ নিয়ে একজন সনাক সভাপতি বলেন, "সনাকের স্বেচ্ছাসেবী কার্যক্রম আমার এলাকায় দুর্নীতিবিরোধী আন্দোলন গতিশীল করতে সহায়তা করেছে। কখনও কখনও খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। আমি গর্বিত যে আমি সনাকের অংশ। টিআইবির দিকনির্দেশনায় ইতিবাচক সামাজিক পরিবর্তনে সনাক অবদান রাখছে। আজকের সেশনটি একটি অনন্য অভিজ্ঞতা, যা আমাকে আরও উদ্দীপিত করবে।"

বাংলাদেশে এবং বিশ্বব্যপী দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সফল করতে মাঠপর্যায়ে লব্ধ জ্ঞান এবং আন্তর্জাতিক দক্ষতার সমন্বয় অপরিহার্য। দুর্নীতিবিরোধী আন্দোলনের স্থানীয় অভিজ্ঞ নেতৃবৃন্দ এবং তরুণ স্বেচ্ছাসেবকদের সঙ্গে অনুষ্ঠিত এই দুটি বৈঠকের মূল কথা এটাই।


অন্যান্য ওয়েব স্টোরি