প্রকাশকাল: ০৫ ফেব্রুয়ারি ২০২৬
“আমি এই বছরের নির্বাচন নিয়ে খুব উৎসাহিত; আমি আন্তরিকভাবে ব্যালটের মাধ্যমে একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চাই। কিন্তু, এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও, ভোট দেওয়ার পথ আমার জন্য বেশ কঠিন। আমি শুনতে পাই না, কথা বলতেও পারি না— আমি শুনতে পাই না, বলতেও পারি না—ভোটকেন্দ্রে গিয়ে আমি যোগাযোগ করব কীভাবে? একটি অপ্রীতিকর বা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার ভয় আমাকে তাড়া করে। আমাকে যদি ভোটকেন্দ্রে একজন দোভাষী সঙ্গে রাখার অনুমতি দেওয়া হতো, তবে হয়তো আমি আমার চিন্তা প্রকাশ করতে পারতাম। তবে, আমার মতো অনেক মানুষেরই ব্যক্তিগতভাবে দোভাষী নিয়ে ভোট দিতে যাওয়ার সামর্থ্য নেই। সরকার কি আমাদের প্রয়োজনের কথা আদৌ বিবেচনা করে? আমাদের অধিকার ও অংশগ্রহণ কি বরাবরের মতো এবারও অবহেলিত হবে?” আসন্ন নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ এবং অধিকার সুরক্ষা বিষয়ে “মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যাশা” শীর্ষক এক সংবাদ সম্মেলনে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী আব্দুল্লাহ এভাবেই তার কথাগুলো তুলে ধরেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় ডিস্যাবিলিটি রাইটস ওয়াচ (ডিআরডব্লিউ) আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকারের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়।
দেশ যখন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন বিশাল এই জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা এ দেশের নাগরিক, অথচ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রতিনিধিকে ভোট দেওয়ার নাগরিক অধিকার চর্চা করা তাদের জন্য কাঠামোগতভাবে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বহু বছর পর জনগণ যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করছে, তখন বিশাল এক জনগোষ্ঠীর ভোটদান অনিশ্চিত রয়ে গেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকার, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো এবং আশ্বাস পাওয়া সত্ত্বেও নির্বাচনের মাত্র ৮ দিন বাকি থাকতে কোনো কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যায়নি।
ডিআরডব্লিউ-এর অন্তর্ভুক্তি বিশেষজ্ঞ ড. নাফিসুর রহমান উপস্থাপিত একটি ধারণাপত্রে নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। ২০০৭ সালে জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ (সিআরপিডি) অনুসমর্থন এবং ২০১৩ সালে স্থানীয় আইন পাস হওয়া সত্ত্বেও এর বাস্তবায়ন স্থবির হয়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যেকোনো জনসংখ্যার ১৫ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি, আর সেই হিসাবে বাংলাদেশে এই সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে। অথচ বিশাল এই জনগোষ্ঠীর উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেই। বর্তমানে প্রতিবন্ধী ইস্যুগুলো কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকায় শিক্ষা, স্বাস্থ্য বা কর্মসংস্থানের মতো ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা বঞ্চনার শিকার হচ্ছেন।
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মহুয়া পাল আসন্ন নির্বাচনে প্রতিবন্ধী নারীদের মূল্যায়নের ওপর জোর দেন এবং ভোটকেন্দ্রগুলো বিশেষভাবে তাদের জন্য সুগম করার আহ্বান জানান। অন্যদিকে, ডিআরডব্লিউ সদস্য জাহাঙ্গীর আলম তার অভিজ্ঞতার আলোকে বলেন যে, একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি আশা করেন তারা যেন নিরাপদে এবং গোপনীয়তা বজায় রেখে ভোট দিতে পারেন। এটি নিশ্চিত করতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে একজন সহায়ক বা গাইড রাখার অনুমোদনের বিষয়টি অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান মূল্যায়নের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বিজয়ী সরকারকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি নির্দিষ্ট সূচক নির্ধারণের আহ্বান জানান। সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি)-এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলমের মতে, পরবর্তী সরকারের একটি “অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি” গ্রহণ করা উচিত।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ডিআরডব্লিউ-এর সভাপতি ও টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন মনসুর আহমেদ চৌধুরী। তিনি বলেন, “আপনাদের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করা উচিত তাদের পরিকল্পনা কী। কমিশনকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধী ব্যক্তিদের গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানের সমাপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বিপুল ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন শুরু হলেও সমাজের একটি বড় অংশের অংশগ্রহণকে অগ্রাধিকার না দিয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।” নির্বাচনে প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের সাথেও যেন ন্যায্য আচরণ করা হয় তা নিশ্চিত করা জরুরি। সকল প্রতিবন্ধী ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে ডিআরডব্লিউ-এর ধারণাপত্রে বর্ণিত বিষয়গুলো সমাধান করতে হবে। নির্বাচনের পর প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার নিশ্চিত করতে একটি কর্মপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।