প্রকাশকাল: ০৬ সেপ্টেম্বর ২০২৫
শনিবারের বিকেলে জাতীয় স্কাউট ভবনের প্রাঙ্গণ ভরে উঠেছিল তারুণ্যের মুখরতায়। স্কাউটদের চিরচেনা আঙিনায় এদিন অন্য আলোড়ন। প্রায় তিনশো স্কাউটের ‘স্কাউট ফেস্ট ২০২৫’-এ সেদিন যে দিকে চোখ যায় সেখানেই দুর্নীতি বিরোধী স্লোগান। স্কাউটদের মাথায় স্টপ করাপশন লেখা টুপি, হাতে দুর্নীতিবিরোধী প্ল্যাকার্ড আর ব্যানার। আর স্কাউটদের চোখেমুখে স্পষ্ট দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশ স্কাউটসের শামস হলের এই স্বচ্ছতা ও সততার উৎসবের অন্যতম অন্যতম সহযোগী ছিলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আয়োজনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং স্কাউটদের প্রার্থনা সংগীত পরিবেশিত হয়। এরপর আনন্দ র্যালিতে স্কাউটদের হাতে শোভা পায় দুর্নীতিবিরোধী স্লোগান, প্ল্যাকার্ড ও ব্যানার, যা তরুণদের স্বচ্ছতা, জবাবদিহি ও সততার প্রতি অঙ্গীকারের প্রতীক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তরুণ স্কাউটদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কাউটদের শৃঙ্খলা, আত্মত্যাগ এবং সততার মতো মূল্যবোধই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততার চর্চা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে উদ্যমী হওয়ার আহ্বান জানান তিনি।
জুলাইয়ের আন্দোলনের শহীদ স্কাউট এবং মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। আয়োজনে স্কাউটরা দুর্নীতিবিরোধী শপথ নেওয়ার পাশাপাশি মনোমুগ্ধকর গান, আবৃত্তি এবং নাটক পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে আসে দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের প্রতিশ্রুতি। ভবিষ্যতের দুর্নীতিমুক্ত বাংলাদেশের অঙ্গীকার নিয়ে শেষ হয় স্কাউট উৎসব।