দায়িত্বশীল ও উপাত্ত-নির্ভর নির্বাচনী সাংবাদিকতা: টিআইবির প্রশিক্ষণ

প্রকাশকাল: ২৫ আগস্ট ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার মাঝে খুলনার একদল সাংবাদিক নিজেদের আরেকবার প্রস্তুত করছেন—সত্য, ন্যায় ও দায়িত্বের সঙ্গে নিজেদের প্রতিবেদনে নির্বাচনের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য। এই সাংবাদিকরাই গত এক দশকেরও বেশি সময় ধরে মাঠে থেকেছেন প্রতিটি নির্বাচন, অনিয়ম, ও জনমানুষের আশা-আকাঙ্ক্ষার গল্প নিয়ে। সেই অভিজ্ঞতার সঙ্গে নির্বাচনী আইনি কাঠামো, নীতিমালা, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যুক্ত করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খুলনার স্থানীয় সাংবাদিকদের জন্য একদিনের এই বিশেষ কর্মশালার আয়োজন করে।

গত ২৩ আগস্ট ২০২৫—খুলনা প্রেস ক্লাবের এ আয়োজনে হাজির হন খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক।

অভিজ্ঞতার মঞ্চে বাস্তবতার পাঠ

কোনো তত্ত্বভিত্তিক বক্তৃতা সভা নয়, বরং এ কর্মশালার সেশনগুলোতে ছিলো অনুসন্ধিৎসার উত্তর খোঁজার প্রয়াস আর অভিজ্ঞতার আদান-প্রদান। নৈতিকতা বজায় রেখে নির্বাচনে প্রতিবেদন তৈরি, চাপের মধ্যেও তথ্যের সত্যতা যাচাইয়ের কৌশল নিয়ে আলোচনা চলে সাংবাদিক, ডেটা বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তার মধ্যে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন তুলি "আইন, সংস্কার ও বাস্তব চিত্র এবং একজন প্রতিবেদকের সীমাবদ্ধতা: নীতি, শিষ্টাচার ও সুযোগ" শীর্ষক সেশনে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জসমূহ ব্যাখ্যা করেন। একই সঙ্গে রাজনৈতিক পক্ষ, স্বার্থান্বেষী মহল এবং অভ্যন্তরীণ কারসাজি কীভাবে ফলাফলে প্রভাব ফেলতে পারে সেটা থ্রি-এম (মানি, মাসল এবং ম্যানিপুলেশন) ধারণার মাধ্যমে তুলে ধরেন।

তথ্যই শক্তি: Know Your Candidate ড্যাশবোর্ড

টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের সামনে তুলে ধরেন টিআইবির ডিজিটাল টুল Know Your Candidate (KYC) ড্যাশবোর্ড। নির্বাচনে কোনো প্রার্থীর সম্পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা কিংবা মামলার ইতিহাসসহ হলফনামার তথ্যাদির বিশ্লেষণ এক ক্লিকেই জানার প্রক্রিয়া হাতে কলমে দেখান তিনি। হলফনামার তথ্যের বিশ্লেষণ প্রতিবেদনকে আরও শক্তিশালী ও তথ্যভিত্তিক করার কৌশল আগ্রহভরে শেখেন অংশগ্রহণকারী সাংবাদিকরা। KYC ড্যাশবোর্ড ব্যবহার করে হলফনামার তথ্য বিশ্লেষণ করে প্রকারন্তরে ভোটারদের ক্ষমতায়িত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয় এ সেশনে।

উপাত্ত থেকে গল্প

দিনের শেষ সেশনে ফ্রিল্যান্স ডেটা সাংবাদিক মুহাম্মদ ইমরান শেখান কীভাবে সংখ্যার ভেতর লুকিয়ে থাকা গল্প খুঁজে বের করতে হয়। পরিসংখ্যান বিশ্লেষণ, তথ্যে প্রবণতা চিহ্নিত করা এবং তথ্যকে নির্ভুল ও সহজবোধ্য উপায়ে জনগণের কাছে তুলে ধরার বিষয়ে তিনি অংশগ্রহণকারীদেরকে দিকনির্দেশনা দেন। দেখা যায়, অংশগ্রহণকারীরা নিজেদের নোটবুকে কৌশল লিখে নিচ্ছেন, হয়তো কেউ কল্পনায় আঁকছেন দারুণ কোনো সম্ভাব্য প্রতিবেদনের ছক!

টিআইবির আহ্বান: উপাত্ত-নির্ভর ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা

সকালে প্রশিক্ষণের উদ্বোধন করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশে কর্তৃত্ববাদের পতন ঘটলেও পুরোনো কর্তৃত্ববাদী মনোভাব এখনো রাজনীতি ও প্রশাসনকে প্রভাবিত করে। ’ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, উপাত্তনির্ভর ও যথাযথ প্রতিবেদন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলো “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত করছে কি-না এবং কোনো রকম অন্যায্য চর্চা হচ্ছে কি-না তা নজরদারির দায়িত্ব সাংবাদিকদের।

সমাপনী অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক টিআইবিকে সারা দেশের সাংবাদিকদের জন্য এ ধরনের কার্যক্রম প্রসারিত করার আহ্বান জানান। সনদ বিতরণের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।


অন্যান্য ওয়েব স্টোরি