ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যলেঞ্জ

প্রকাশকাল: ২৫ নভেম্বর ২০২৬

নাগরিকের জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। ঢাকায় আবাসনের চাহিদা পূরণে বেসরকারি আবাসন খাত বড় ভূমিকা রাখছে। তবে প্রতারণা, আইন লঙ্ঘন, রাজনৈতিক প্রভাব, জমি নিয়ে বিরোধ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এ খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে টিআইবি ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ পর্যালোচনা করেছে। আগস্ট ২০২৪ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত পরিচালিত এই গুণগত গবেষণায় রিয়েল এস্টেট কোম্পানি, প্লট ক্রেতা, জমির মূল মালিক এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার ভূমিকা ও পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। এতে আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহি এবং অনিয়ম-দুর্নীতির ধরন ও কারণ চিহ্নিত করে সুপারিশ প্রণয়ন করা হয়েছে।

প্রধান সুপারিশগুলোর একটি হলো রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ সংশোধন করা। এ ছাড়া রাজউক, পরিবেশ অধিদপ্তর ও ইউটিলিটি সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটি আন্তঃসংস্থা সমন্বয় প্ল্যাটফর্ম এবং গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি স্বাধীন বোর্ড গঠনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কোম্পানির বার্ষিক অডিট ও আর্থিক তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। বিজ্ঞাপনে প্লটের দামের সঙ্গে উন্নয়ন ফি, ইউটিলিটি চার্জ ও রিফান্ড নীতি স্পষ্ট করে জানাতে হবে, আর সব লেনদেন করতে হবে ব্যাংকিং চ্যানেলে। অবৈধভাবে জমি বা জলাশয় দখলে জড়িত কোম্পানি, সরকারি কর্মী ও রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশও রয়েছে।

গবেষণার পর্যবেক্ষণ ও সুপারিশ বেসরকারি আবাসন খাতে সুশাসন জোরদার করতে এবং গ্রাহক ও জমির মালিকদের অধিকার রক্ষা করতে সহায়ক হবে বলে টিআইবি আশা করে।

বিস্তারিত গবেষণার জন্য ক্লিক করুন


অন্যান্য গবেষণা প্রতিবেদন