JUDICIAL INTEGRITY WORKSHOP

টিআইবির কর্মশালায় বিচারকদের আত্মজিজ্ঞাসা: আস্থা, দায় ও বদলের ভাবনা

প্রকাশকাল: ১২ নভেম্বর ২০২৬

মামলা শেষ হওয়ার বহু বছর পরও কখনো একটি খবর বিচারকের মনে থেকে যায়। ন্যায়বিচার পেয়ে কেউ সেদিন আদালতের বারান্দায় দাঁড়িয়ে দুই হাত তুলে তাঁর জন্য দোয়া করেছিলেন। সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে এক বিচারক বলছিলেন, অনেক সময় মানুষের এই দোয়াটুকুই তাঁদের একমাত্র প্রাপ্তি।

সেই আস্থা অর্জনের পথটি অবশ্য সহজ নয়। বিচারপ্রার্থী আদালতে আসেন প্রতিকার পাওয়ার আশায়। আর এজলাসে বসে বিচারককে সেই প্রত্যাশা পূরণ করতে হয় এমন এক ব্যবস্থার ভেতরে, যার সবকিছু তাঁর নিয়ন্ত্রণে থাকে না। নিজের দায়িত্ব কোথায়, ব্যবস্থার সীমাবদ্ধতা কোথায়, আর পরিবর্তনের শুরুই-বা হবে কীভাবে, এসব প্রশ্ন নিয়ে ঢাকায় একত্র হয়েছিলেন দেশের অধস্তন আদালতের ২৫ জন বিচারক।

প্রশ্নগুলো নিয়ে খোলামেলা কথা বলার সুযোগ তাঁদের সচরাচর হয় না। একজনের কথায়, “আমরা বিচারকেরা তো সব জায়গায় কথা বলতে পারি না।” তাই আলোচনার শুরুতেই একটি শর্ত ছিল: কারও বক্তব্যের সঙ্গে তাঁর নাম, আদালত কিংবা জেলার পরিচয় প্রকাশ করা যাবে না। পরিচয় গোপন রাখার এই সম্মতির মধ্য দিয়েই নিজেদের অভিজ্ঞতা ও দ্বিধাগুলো সামনে আনার পরিসর তৈরি হয়।

এই কথোপকথনের সুযোগ করে দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় টিআইবি-ইউএনডিপির “বাংলাদেশের বিচার বিভাগে শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি” প্রকল্পের আওতায় ৮ থেকে ১০ নভেম্বর ২০২৬ তিন দিনের কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উচ্চতর বিচার বিভাগের অনুমতিক্রমে আইন ও বিচার বিভাগ অংশগ্রহণকারী বিচারকদের মনোনয়ন দেয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি; বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের রোমানা শোয়াগার।

আলোচনার কেন্দ্রে ছিল বিচারকের নিজের কাজকে ফিরে দেখার প্রশ্ন। অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. শওকত আলম তাই বক্তৃতার বদলে কথোপকথনের ওপর জোর দেন। কর্মশালার শেষ দিনে তাঁর পর্যবেক্ষণ ছিল, আত্মপর্যালোচনার মুখোমুখি হলে মানুষ সাধারণত আত্মপক্ষ সমর্থন করে, দায় খোঁজে অন্যের মধ্যে। এখানে বিচারকেরা শুরু করেছেন নিজেদের দিয়েই।

সেই আত্মজিজ্ঞাসার ভিত্তি পাওয়া যায় একটি দলের বক্তব্যে: বিচার বিভাগের স্বাধীনতা “বিচারকদের বিশেষ সুবিধা নয়; এটি নাগরিকের জন্য নিশ্চয়তা।” নাগরিকের দিক থেকে দেখলে তাই স্বাধীনতার প্রশ্নটি আদালতের দৈনন্দিন আচরণ থেকে আলাদা থাকে না। তাঁর কথা কি সম্মানের সঙ্গে শোনা হচ্ছে? ঘুষ না দিয়ে তিনি কি দ্রুত সিদ্ধান্ত পাচ্ছেন? আদালতের প্রতিটি অভিজ্ঞতায় এসব প্রশ্নের উত্তর খোঁজেন বিচারপ্রার্থী।

আস্থা হারানোর কারণও লুকিয়ে থাকতে পারে আপাতদৃষ্টিতে ছোট কোনো ঘটনায়। জামিন শুনানির আগে করিডরে একটি মন্তব্য, প্রভাবশালী আসামির মামলার নথি হারিয়ে যাওয়া কিংবা আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর আদেশপত্রে স্বাক্ষর করা, সবই প্রশ্ন তৈরি করতে পারে। বিচারকদের কথায় উঠে আসে, এসবের দায় সংশ্লিষ্ট বিচারক এড়িয়ে যেতে পারেন না। বিচারকাজের পাশাপাশি আদালতের দাপ্তরিক কার্যক্রমেও তাঁর কঠোর তদারকি প্রয়োজন।

এই তদারকি সহজ করতে প্রযুক্তির সম্ভাবনাও দেখেন তাঁরা। ই-ফাইলিং ও অনলাইনে মামলার কার্যতালিকা প্রকাশের মাধ্যমে কারসাজির সুযোগ কমে আসে। তবে প্রযুক্তির ওপর নির্ভরতারও সীমা আছে। গবেষণায় সহায়তা করতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো এমন আইনি সূত্র বা নজির হাজির করে, যার অস্তিত্বই নেই। ফলে তথ্য যাচাই ও সিদ্ধান্তের দায়িত্ব বিচারককেই নিতে হবে। আলোচনায় স্পষ্ট হয়ে ওঠে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিচারককে সহায়তা করতে পারে, তাঁর হয়ে সিদ্ধান্ত নিতে পারে না।

সিদ্ধান্তের দায় বিচারকের হলেও একটি মামলা তাঁর সামনে পৌঁছানো এবং নিষ্পত্তি হওয়ার পথে যুক্ত থাকেন আরও অনেকে। সেখানেই আত্মপর্যালোচনার আলোচনা বিস্তৃত হয় পুরো বিচারব্যবস্থার দিকে। কর্মচারীর কারণে নথি হারিয়ে যাওয়া বা অর্থ আদায়, আইনজীবীদের বারবার সময় চাওয়া, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজির করতে ব্যর্থতা, প্রতিটি ক্ষেত্রেই দীর্ঘ হয় বিচারপ্রার্থীর অপেক্ষা। একজন অংশগ্রহণকারীর ভাষায়, “প্রতিবার অপ্রয়োজনে শুনানি পেছানো হলে অনৈতিক প্রভাব বিস্তারের নতুন সুযোগ তৈরি হয়।”

অপেক্ষা কমানোর দায়িত্ব যাঁর, তাঁর হাতে প্রয়োজনীয় কর্তৃত্ব কতটা আছে, সেই প্রশ্নও আসে। বিচারকেরা জানান, অনেক ক্ষেত্রে নিজের আদালতের কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও তাঁদের থাকে না। ফলে আদালতের কাজের জন্য জবাবদিহি করতে হলেও সংশ্লিষ্ট সবার জবাবদিহি নিশ্চিত করা তাঁদের পক্ষে সম্ভব হয় না।

কর্তৃত্বের এই সীমাবদ্ধতার সঙ্গে যুক্ত হয় জনবল ও সম্পদের ঘাটতি। একটি আদালতেই হাজার হাজার মামলা, অথচ কাজ সামলানোর মতো পর্যাপ্ত কর্মী নেই। অনেকে নথি বাড়িতে নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করেন। পদায়নের কারণে পরিবার থেকে দূরে থেকেও সামলাতে হয় সেই চাপ। একজন বিচারকের কথায় তাই উঠে আসে প্রত্যাশা ও সামর্থ্যের ব্যবধান: “আদালতের কাছে এত প্রত্যাশা থাকলে অন্তত কাজের জন্য প্রয়োজনীয় জনবল ও উপকরণ তো দিতে হবে।”

বিচারকের ব্যক্তিগত সততার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার কেন জরুরি, অভিজ্ঞতাগুলো সেই প্রশ্নকেই সামনে আনে। অংশগ্রহণকারীদের সনদ প্রদানকালে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিচার বিভাগের বিদ্যমান সামগ্রিক ব্যবস্থায় সুশাসনের ঘাটতি দূর করে তা পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিচার বিভাগ সংস্কারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সঙ্গে টিআইবি অ্যাডভোকেসি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

তবে ব্যবস্থার পরিবর্তনের অপেক্ষায় নিজেদের করণীয় থামিয়ে রাখতে চান না বিচারকেরা। সময়মতো এজলাসে বসা, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং এমন ভাষায় আদেশ লেখা, যাতে মামলায় হেরে যাওয়া ব্যক্তিও সিদ্ধান্তের কারণ বুঝতে পারেন, এসব অঙ্গীকার উঠে আসে তাঁদের কথায়। আরও বিচারক এবং বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যদেরও এমন আলোচনায় সম্পৃক্ত করার প্রয়োজন অনুভব করেন তাঁরা। কারণ, একজন বিচারকের চেষ্টা তখনই স্থায়ী পরিবর্তনের ভিত্তি পাবে, যখন আইনজীবী, কর্মচারী ও সহায়ক সংস্থাগুলোর দায়িত্বশীলতা এবং প্রয়োজনীয় জনবল ও সম্পদ তার সঙ্গে যুক্ত হবে।

আদালত থেকে মানুষ শুধু একটি রায় নিয়ে ফেরেন না; সঙ্গে নিয়ে ফেরেন বিচারব্যবস্থা সম্পর্কে একটি অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা যেন আস্থার হয়, তার জন্য বিচারকের নিজের চর্চা এবং তাঁর চারপাশের ব্যবস্থা, দুটোকেই বদলাতে হবে। এজলাসের ওপাশে বসে বিচারকেরা নিজেদের সেই দায়িত্ব নিয়েই কথা বললেন।


অন্যান্য ওয়েব স্টোরি