দেশব্যপী সনাকের তথ্য অধিকার দিবস ২০২৫ পালন

প্রকাশকাল: ৩০ সেপ্টেম্বর ২০২৫

দেশের ৪৪টি অঞ্চলে সক্রিয় সচেতন নাগরিক কমিটি (সনাক) সম্প্রতি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উদযাপন করেছে। এবারের থিম ছিল "ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ"। জনগণের তথ্য জানার অধিকার সুরক্ষিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সনাক সদস্যরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য মানববন্ধন, র‍্যালি, গণশুনানী, তথ্য অধিকার আইন, ২০০৯ সংক্রান্ত ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা এবং জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়।

তথ্য অধিকার দিবস ২০২৫ উপলক্ষে প্রকাশিত টিআইবির ধারণাপত্রে উল্লেখিত ১৬টি সুপারিশ সনাক সদস্যরা উপস্থাপন করেন । সুপারিশগুলোর মধ্যে রয়েছে: নিরপেক্ষ ও যোগ্য তথ্য কমিশনার নিয়োগ, তথ্য কমিশনকে আধুনিকীকরণের জন্য তথ্য অধিকার আইন, ২০০৯ সংশোধন এবং সম্প্রসারণ, রাজনৈতিক দলের আয়-ব্যয়ের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা, সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদ করা ইত্যাদি।

আলোচনা সভায় অংশগ্রহণকারীদের টিআইবির ধারণাপত্র এবং সুপারিশের কপি সরবরাহ করা হয়। বক্তারা বলেন, ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহ শাসন ব্যবস্থাকে আরও কার্যকর করতে সাহায্য করে। তাই সরকারের ওয়েবসাইট সঠিকভাবে হালনাগাদ করা প্রয়োজন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের নাম, বাজেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে প্রকাশ করা উচিত।

কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির জন্য এবং তথ্য অধিকার আইন, ২০০৯ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে, টিআইবির ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ একটি মোবাইল ক্যাম্পেইন পরিচালনা করেন। তারা বিভাগীয় এবং জেলা শহরগুলোর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আইন সম্পর্কিত লিফলেট, ব্রোশিওর এবং ফরম বিতরণ করেন।


অন্যান্য ওয়েব স্টোরি