প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৪
প্রতি বছরের মতো এবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অদম্য চেতনা আর দৃঢ় সংকল্প নিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাংলা ভাষায় কথা বলার অধিকারের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
একুশে ফেব্রুয়ারির সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা প্রভাতফেরিতে অংশ নেন। ‘দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী’ স্লোগান সম্বলিত ব্যানার বহন করে টিআইবি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও, টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর নেতৃত্বে এর যুব স্বেচ্ছাসেবক দলগুলোও এদিন দেশের বিভিন্ন প্রান্তে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানায়।
উল্লেখ্য, ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।