বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, বরিশাল: পাসপোর্ট সেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়

প্রকাশকাল: ৩০ নভেম্বর ২০১৭

জনবলের ঘাটতি

বরিশাল পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় জনবলের ঘাটতির কারণে কাজের চাপ লক্ষণীয়। সাংগঠনিক কাঠামো অনুযায়ী এ অফিসের অনুমোদিত পদের সংখ্যা ২১টি হলেও বর্তমানে ১৬ জন কর্মকর্তা-কর্মচারি কর্মরত আছে। এই অফিসে উপ-পরিচালক ও সহকারী পরিচালক হিসেবে দুইটি কর্মকর্তার অনুমোদিত পদ রয়েছে। গবেষণায় প্রাপ্ত তথ্যানুযায়ী কর্মকর্তা পর্যায়ে দু’টি পদের বিপরীতে বর্তমানে একজন কর্মরত থাকায় দায়িত্বরত কর্মকর্তার ওপর অতিরিক্ত কাজের চাপ লক্ষণীয়। দুটি কর্মকর্তা পদের বিপরীতে একজন কর্মরত থাকায় কোনো কারণে দায়িত্বরত কর্মকর্তা ছুটিতে বা অনুপস্থিত থাকলে ক্ষেত্রবিশেষ পাসপোর্ট প্রক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হয়। অপরদিকে আবেদনপত্র জমাদান কাউন্টার, প্রি-এনরোলমেন্ট ও বায়ো-এনরোলমেন্টে প্রয়োজনীয় জনবল না থাকায় কাজের চাপ লক্ষণীয়। বর্তমানে জমাদান কাউন্টারে ১ জন ব্যক্তিকে গড়ে প্রতিদিন ১২৪ টি আবেদনপত্র যাচাই-বাছাইসহ গ্রহণ করতে হয়। অপরদিকে প্রি-এনরোলমেন্ট ও বায়ো-এনরোলমেন্ট কাউন্টার/কক্ষে ২ জন ব্যক্তিকে গড়ে প্রতিদিন ৬২টি এনরোলমেন্ট সম্পন্ন করতে হচ্ছে।

অবকাঠামোগত সুযোগ-সুবিধার ঘাটতি

বরিশাল পাসপোর্ট অফিসে নারী-পুরুষ নির্বিশেষে আবেদনপত্র জমাদানের আলাদা কাউন্টার নেই। পর্যবেক্ষণে দেখা গেছে, নারী ও পুরুষ আলাদা লাইনে দাড়ালেও একটি কাউন্টারের মাধ্যমে দুইজন পুরুষ ও একজন নারী এই ভিত্তিতে আবেদনপত্র জমা নেওয়া হয়। নারী, পুরুষ, অসুস্থ, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলকেই একটি কক্ষে দু’টি কম্পিউটারের মাধ্যমে প্রি-এনরোলমেন্ট করা হয়। কক্ষের দরজা ছোট হওয়া, জায়গার স্বল্পতা ও দীর্ঘ সময় নারী-পুরুষ পাশাপাশি দাড়িয়ে থাকার কারণে নারী সেবাগ্রহীতাগণ বিরক্তিবোধ করে। একই অবস্থা বায়ো-এনরোলমেন্টের ক্ষেত্রেও বিরাজমান। একটি কক্ষে দুইজন টেকনিশিয়ানের মাধ্যমে বায়ো-এনরোলমেন্ট করা হয়। বায়োএনরোলমেন্ট কক্ষে পর্যাপ্ত আলোর অভাব লক্ষ্য করা গেছে। বরিশাল পাসপোর্ট অফিসে একাধিক টয়লেট থাকলেও সেবাগ্রহীতাগণ পাসপোর্ট অফিসের ভেতরে প্রবেশ করতে না পারায় নারী-পুরুষ নির্বিশেষে সকল সেবাগ্রহীতাদের পাসপোর্ট বিতরণ কাউন্টারের সামনের একটি টয়লেট ব্যবহার করতে দেখা গেছে। সেবাগ্রহীতাদের জন্য বসার ব্যবস্থা থাকলেও নারী-পুরুষ নির্বিশেষে আলাদা বসার ব্যবস্থা নেই।

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-


অন্যান্য গবেষণা প্রতিবেদন