প্রকাশকাল: ০৪ জুন ২০২৬
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ সালের মূল প্রতিপাদ্য হল ‘এখনই জলবায়ু পদক্ষেপের সময়’। এ বছর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং অভিযোজনের জন্য নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে গুরুত্বারোপ করা হয়েছে। ক্রমবর্ধমান জলবায়ু অভিঘাত এবং জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে এ বছরের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, জলবায়ু সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে অত্যাধিক জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে কার্বন নিঃসরণ, পরিবেশ দূষণ ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং যা সমাধানের মূল চাবিকাঠি হলো নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর, পরিবেশ সংরক্ষণ, ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমে প্রতিবন্ধকতা, সুশাসনের ঘাটতি ও অনিয়ম-দুর্নীতি সম্পর্কে স্থানীয় পর্যায়ে সচেতনতার অভাব রয়েছে। বিশেষ করে, আইন থাকলেও আইনের প্রয়োগ নিশ্চিতে বিবিধ শ্রেণী-পেশার নাগরিকের পক্ষ থেকে পর্যাপ্ত চাহিদা তৈরি হয়নি। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকে নীতিগতভাবে গুরুত্বারোপ না করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত আইনের কার্যকর প্রয়োগ করা হয়নি। এই প্রেক্ষাপটে, টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের জন্য ধারনাপত্রে বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে।