তথ্য অধিকার সচেতনতায় লক্ষ্মীপুরে তথ্য মেলা

প্রকাশকাল: ১৩ ফেব্রুয়ারি ২০২৪

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় লক্ষ্মীপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা প্রশাসন ১৩ ফেব্রুয়ারি ২০২৪ লক্ষ্মীপুর আদর্শ সমাদ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করে।

সকাল ১০টায় র‍্যালির মাধ্যমে শুরু হয়ে রাত ৮টায় শেষ হওয়া মেলায় ৩৫টি সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। তারা দর্শনার্থীদের তথ্য অধিকার চর্চা, আবেদন প্রক্রিয়া ও সরকারি সেবা গ্রহণ বিষয়ে পরামর্শ প্রদান করে। মেলায় আগত নাগরিকদের পক্ষ থেকে ৪০০০-এর বেশি আবেদন বিভিন্ন দপ্তরে জমা পড়ে, যার বেশিরভাগ ক্ষেত্রেই তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়া হয়।

দিনব্যাপী আয়োজনে তথ্য অধিকার ছাড়াও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, সরকারি সেবার প্রাপ্যতা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর ইয়েস গ্রুপের সদস্যরা দুর্নীতিবিরোধী কুইজ, বিতর্ক, ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. আনোয়ার পাশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান। সনাক সদস্য শাহানা আখতার অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তারা সিটিজেন চার্টার হালনাগাদ ও সরকারী ওয়েবসাইট ব্যবহার করে সেবা গ্রহণে গুরুত্বারোপ করেন। তারা তথ্য অধিকার আইনের চর্চা বৃদ্ধির আহ্বান জানান, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়।