কমিউনিটি অ্যাকশন

দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিচ্ছে সিসিসি বাগেরহাট

প্রকাশকাল: ২৮ ফেব্রুয়ারি ২০২৪

কমিউনিটি-ভিত্তিক সচেতনতা ও দুর্নীতিবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর কালীবাড়ি বাজারে এক নাগরিক সমাবেশ ও প্রচারণামূলক কর্মসূচির আয়োজন করে বাগেরহাটের কমিটি অব কনসার্ন্ড সিটিজেন্স (সিসিসি)। এতে বিভিন্ন পেশা ও শ্রেণির স্থানীয় জনগণের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি সম্মিলিত প্রতিবাদের বার্তা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতি এখন প্রায় সবখানে বিস্তৃত হয়ে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। নানা ধরনের অনিয়ম-দুর্নীতির শিকার হলেও বেশিরভাগ মানুষ প্রতিকার চাওয়ার সাহস পান না, কারণ প্রতিশোধের আশঙ্কা থেকে তারা চুপ থাকেন। এমন বাস্তবতায় জনগণের ঐক্য ও ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরা হয় কর্মসূচিতে।

সভাপতিত্ব করেন সিসিসি সদস্য অধ্যাপক চৌধুরী আবদুর রব। শুভেচ্ছা বক্তব্য দেন সিসিসি সহসভাপতি ফেরোজা নাসরিন ডলি। কর্মসূচিতে সিসিজির পাশাপাশি অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি) এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)-এর সদস্যসহ বিভিন্ন পেশার নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।