দুর্নীতির ধারণা সূচক বা করাপশন পারসেপশনস ইনডেক্স (সিপিআই) হলো বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-কর্তৃক প্রণীত ও প্রকাশিত একটি সূচক, যা বিশ্বব্যাপী দুর্নীতির ব্যাপকতার একটি তুলনামূলক চিত্র তুলে ধরে। একটি দেশের রাজনীতি ও প্রশাসনে বিরাজমান দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষক ও বিশ্লেষকবৃন্দের ধারণার ওপর ভিত্তি করে অন্তর্ভুক্ত দেশসমূহের দুর্নীতির তুলনামূলক অবস্থান নির্ণীত হয়। সিপিআই অনুযায়ী দুর্নীতির ধারণার মাত্রাকে ০ (শূন্য) থেকে ১০০ (একশ) এর স্কেলে নির্ধারণ করা হয়। এই পদ্ধতি অনুসারে স্কেলের ০ (শূন্য) স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০ স্কোরকে সর্বনিম্ন বলে ধারণা করা হয়।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ১৩টি জরিপের ওপর ভিত্তি করে সিপিআই এর ২০২৫ সালের সূচক প্রণীত হয়েছে। সিপিআই নির্ণয়কালে জরিপের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বোচ্চ মান এবং বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। এ ছাড়া টিআই ব্যবহৃত সকল জরিপের তথ্যের উৎসমূহের পাশাপাশি প্রত্যেকটি জরিপের তথ্য সংগ্রহপদ্ধতি বা মেথোডলজি বিস্তারিতভাবে পর্যালোচনা করে, যেন তথ্যের উৎসসমূহ টিআই এর মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
এ বছর বাংলাদেশের ক্ষেত্রে সূত্র হিসেবে আটটি জরিপের তথ্য ব্যবহৃত হয়েছে। জরিপগুলো হলো- বিশ্বব্যাংকের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম এক্সিকিউটিভ ওপিনিয়ন সার্ভে, গ্লোবাল ইনসাইট কান্ট্রি রিস্ক রেটিংস, বার্টেলসম্যান ফাউন্ডেশন ট্রান্সফরমেশন ইনডেক্স, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অব ল ইনডেক্স, পলিটিক্যাল রিস্ক সার্ভিসেস ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড, ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কান্ট্রি রিস্ক রেটিংস এবং ভ্যারাইটিজ অব ডেমোক্র্যাসি প্রজেক্ট ডেটাসেট এর রিপোর্ট।
সিপিআই প্রণয়নে টিআইবি কোনো ভূমিকাই পালন করে না। এমনকি টিআইবির গবেষণা থেকে প্রাপ্ত কোনো তথ্য বা বিশ্লেষণ টিআই-এ প্রেরিত হয় না। পৃথিবীর অন্য দেশের টিআই চ্যাপ্টারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অন্যান্য দেশের টিআই চ্যাপ্টারের মতো টিআইবিও দেশীয় পর্যায়ে সিপিআই প্রকাশ করে মাত্র।
সিপিআই ২০২৫ অনুযায়ী ১০০ এর মধ্যে বৈশ্বিক গড় স্কোর ৪২, যেখানে বাংলাদেশের স্কোর ২৪- যা বৈশ্বিক গড় স্কোরের তুলনায় ১৮ পয়েন্ট এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় স্কোর ৪৫-এর তুলনায় ২১ পয়েন্ট কম। বাংলাদেশের স্কোর সর্বশেষ ১৪ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন যা ২০২৩ এর অনুরূপ। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এই অবস্থান দেশে দুর্নীতির ব্যাপকতার প্রমাণ।
টিআই https://www.transparency.org/cpi/2025 ও টিআইবির www.ti-bangladesh.org/cpi বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
© ২০২৬ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ