শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণায় সাধুবাদ; সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সকলের আয়-ব্যয় ও সম্পদবিবরণীর বাৎসরিক নবায়নযোগ্য প্রকাশ ও জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল অবলম্বনের আহ্বান টিআইবির

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে বহুল প্রতীক্ষিত, সুচিন্তিত, সময়োপযোগী ও আশাজাগানিয়া উল্লেখ করে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ঘোষণায় দীর্ঘদিন লালিত কর্তৃত্ববাদী ও বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চার অবসানের পথে গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে। একইসঙ্গে, এ পদক্ষেপের পরিপূর্ণ ও টেকসই সুফল অর্জনের লক্ষ্যে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা, নির্বাচনী ইশতিহার, জুলাই সনদ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানায় সংস্থাটি।

আজ এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা যেন ভুলে না যাই যে, জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণরায়ের মৌলিক অভিষ্ট এমন এক জনকল্যাণমূলক বাংলাদেশ, যা হবে সুশাসিত, জনগণের কাছে জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত। এক্ষেত্রে বিপুল জনরায় নিয়ে সদ্য ক্ষমতাসীন জোট তাদের নির্বাচনী ইশতিহার ও প্রচারণাসহ বিভিন্নভাবে জনগণের কাছে প্রদত্ত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক-সাংস্কৃতিকসহ যতগুলো অঙ্গীকার করেছে, তার কার্যকর ও ফলপ্রসূ বাস্তবায়নের অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ। এক্ষেত্রে সরকারি ও জনপ্রতিনিধিত্বের সর্বোচ্চ পর্যায়ে সদিচ্ছা ও প্রয়াস থাকলেও কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ছাড়া, প্রদত্ত কোনো ধরনের প্রতিশ্রুতিই সঠিকভাবে বাস্তবায়ন যেমন সম্ভব হবে না, তেমনি সরকারের গৃহীত কার্যক্রমের বাস্তব সুফলও জনগণের কাছে কাক্সিক্ষতমাত্রায় পৌঁছাবে না। বরং উন্নেয়ন প্রকল্প ও ক্রয়খাতসহ বিভিন্ন সরকারি উদ্যোগ বাস্তবায়নের অংশহিসেবেই বহুমুখীপ্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি এবং পেশাগত ও প্রাতিষ্ঠানিক দলীয়করণের পাশাপাশি ঘুষ ও অন্যান্য অবৈধ লেনদেন, করফাঁকি ও অর্থপাচারসহ চৌর্যতান্ত্রিক অনাচার অব্যাহত থাকার ঝুঁকি প্রসারিত হবে।’

সরকারের পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অন্যতম পূর্বশর্ত হিসেবে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সকলের আয়-ব্যয় ও সম্পদবিবরণী বাৎসরিক নবায়নযোগ্যভাবে ওয়েবসাইটে প্রকাশ নিশ্চিত করার জোর দাবি জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকার ও জাতীয় সংসদের দুর্নীতিবিরোধী প্রত্যয়ের প্রথম পদক্ষেপ হিসেবে জুলাই সনদের সম্পূর্ণ দ্বিমতহীন ৭৪ ধারা অনুযায়ী সকল জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নিজ ও পরিবারের সদস্যদের আয়-ব্যয় ও সম্পদবিবরণী বাৎসরিকভিত্তিতে হালনাগাদ করার বাধ্যবাধকতাসহ অনতিবিলম্বে ওয়েবসাইটে প্রকাশের চর্চা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, এই চর্চা সকল খাত ও পর্যায়ের সকল সরকারি কর্মচারী ও অন্যান্য জনবল, যাদের বেতন-ভাতা রাষ্ট্রীয়ভাবে বহন করা হয়, তাদের সকলের জন্য প্রযোজ্য করতে হবে।’

ড. জামান বলেন, ‘শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করার সুচিন্তিত ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনায় রাষ্ট্র পরিচালনার প্রথম পদক্ষেপ বলে মনে করছি, যা দুর্নীতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণে নবগঠিত সরকারের প্রতি জনমনে প্রত্যাশার সৃষ্টি হয়েছে। একইসঙ্গে, রাষ্ট্র মেরামতে ৩১ দফা রূপরেখা ও নির্বাচনী ইশতিহারে ‘‘সমাজের সর্বস্তরে দুষ্টচক্রের মতো ছড়িয়ে পড়া দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য পদ্ধতিগত ও আইনের সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’’ মর্মে যে অঙ্গীকার করা হয়েছে, তা-ও যেন কার্যকরভাবে বাস্তবায়িত হয়- এই প্রত্যাশা করছি। এক্ষেত্রে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধন করতে হবে। পাশাপাশি জাতীয় দুর্নীতিবিরোধী কৌশলে সরকারি জোটসহ ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী ও সংসদের বাইরে অন্যান্য রাজনৈতিক দল এবং সকল রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও খাতের দায়িত্ব, তথা সার্বিকভাবে জনগণের ভূমিকা পালনের সুযোগ নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।’

গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org


অন্যান্য প্রেস বিজ্ঞপ্তি