আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় নিয়ে শেষ হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আজ সাভারের সিসিডিবি হোপ সেন্টারে আয়োজিত ফাইনালে রানারআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতার সেরা বিতার্কিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এম এরফান খান এবং ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন একই শিক্ষাপ্রতিষ্ঠানের অর্নব মিত্র । বিজয়ী দলের অন্য সদ্যস্য হলেন সানজিদা মেহেনাজ তাসনিম। এ ছাড়া, রানার আপ দলের সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান। সারাদেশের ৩২টি বিতর্ক দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিতর্কের মূল্যবোধ আর টিআইবির মূল্যবোধ একইসূত্রে গাঁথা। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গে বিতর্কের মূল্যবোধের সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হওয়ায়, বিতের্কর উত্তম চর্চাকে উৎসাহ প্রদানের লক্ষ্যে এই আয়োজন। বিতর্কে সকলেই জয়ী হয়। এই প্রতিযোগীতার শুরু থেকে শেষ পর্যন্ত যারাই অংশগ্রহণ করেছে, মূলত তারা সকলেই জয়ী হয়েছে। তারা নতুন বিষয় সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি প্রত্যেকেই অনেক ভালো চর্চা নিয়ে যাচ্ছেন। এই অর্জন অসাধারণ। প্রতিযোগীতার পুরো সময়টিতে তারা যেভাবে বিতর্কের মূল্যবোধকে ধারণ করেছে, একইভাবে তারা বাস্তবজীবনে দুর্নীতিবিরোধী চেতনাকে ধারণ করেবে, এই প্রত্যাশা করছি।’

ড.ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্রসংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণ সমাজের ভূমিকা ছিলো অপরিসীম। সুতরাং দুর্নীতির মতো একটি সামাজিক ব্যাধীর বিরুদ্ধে এই তরুণ সমাজকে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধে সচেতন হতে হবে।’

তিন দিনব্যাপী আয়োজিত আবাসিক বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য অংশগ্রহণকারী বিতার্কিক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন,‘আপনাদের আন্তরিক সহযোগীতা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। ভবিষ্যৎ আয়োজনেও আপনাদের এই সহমর্মিতা অব্যাহত রাখবেন, এই প্রত্যাশা করছি। পারস্পারিক সম্মান, সহমর্মিতা, পরমত সহিষ্ণুতা ও যৌক্তিক বোধের যে চর্চা বিতর্কে আপনারা করেছেন, তা অব্যাহত রাখবেন, এই প্রত্যাশা করছি।’

প্রতিযোগিতায় নারীর সমঅধিকার মূল্যবোধের চর্চা বাস্তবায়ন ও তরুণদের উৎসাহ প্রদানের অংশহিসেবে আয়োজনের প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে কমপক্ষে একজন নারী সদস্যের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে। ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬, চতুর্থবারের মতো এই আবাসিক বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানারআপ দলকে ৩০ হাজার ও সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এবারের প্রতিযোগীতার সেরা আটটি দল পরবর্তী আয়োজনে নিবন্ধন সাপেক্ষে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org


Previous Press Release