সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬: বেসরকারি আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে রাজনৈতিক ছত্রছায়া, মধ্যস্বত্বভোগী, ভূমিকেন্দ্রিক স্বার্থগোষ্ঠী ও প্রশাসনিক অনানুষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে বৃহৎ ডেভেলপারদের একাংশ একটি শক্তিশালী ‘‘মাফিয়াতন্ত্র’’ গড়ে তুলেছে, যা নীতিনির্ধারণী ও সামগ্রিক নিয়ন্ত্রক কাঠামোকে কার্যত জিম্মি করে ফেলেছে। উত্তরণে রাজউক, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ ও অংশীজনদের সমন্বয়ে ‘‘আন্তঃসংস্থা সমন্বয় প্ল্যাটফর্ম’’; আবাসন বাজার তদারকির জন্য একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির জন্য ‘‘স্বাধীন অভিযোগ নিষ্পত্তি বোর্ড’’ গঠনের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) । “ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ” শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য ও সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান ও সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং প্রতিবেদনটি উপস্থাপন করেন গবেষণা ও পলিসি বিভাগের প্রাক্তন রিসার্চ ফেলো অতনু দাস।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আবাসনব্যবস্থা ও আবাসনের সুযোগ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে রিয়েল এস্টেট কোম্পানির ইতিবাচক অবদান রয়েছে। পাশাপাশি, তাঁরা জিডিপিতেও উল্লেখযোগ্য অবদান রাখছেন। তবে এ খাতে বিভিন্ন ধরনের হয়রানি, দুর্নীতি, অনিয়ম ও জমি দখলের বিষয়গুলোও অস্বীকার করার কোনো সুযোগ নাই।’
গবেষণার ফলাফলে দেখা গেছে যে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র পেতে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে, যা রিয়েল এস্টেট কোম্পানির পরিভাষায় “স্পিড মানি” বলা হয় এবং কোম্পানির প্রকল্প বাজেটে “বিবিধ খরচ” হিসেবে রাখা হয়। স্বাভাবিক ক্ষেত্রে কোম্পানির নিবন্ধন প্রাপ্তি থেকে শুরু করে বেসরকারি আবাসন প্রকল্প বাস্তবায়নে পুরো প্রক্রিয়ায় একরপ্রতি সামগ্রিক নিয়মবহির্ভূত ব্যয়ের পরিমাণ ১৬.৫০ লক্ষ থেকে ৩৭.৫০ লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ ২৫ একরের একটি বেসরকারি আবাসন প্রকল্প বাস্তবায়নে এ ধরনের ব্যয়ের পরিমাণ আনুমানিক ৪.১২ কোটি থেকে ৯.৩৫ কোটি টাকা পর্যন্ত। এক্ষেত্রে নিয়ম মেনে সকল নথিপত্রসহ আবেদন জমা দেওয়ার পরও সরকারি প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রেখে বা বিলম্ব ঘটিয়ে আবেদনকারীকে অনানুষ্ঠানিক যোগাযোগ ও নিয়মবহির্ভূত লেনদেনে বাধ্য করার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, রিয়েল এস্টেট কোম্পানি কর্তৃক প্লট হস্তান্তরে বিলম্ব, ক্রেতাকে না জানিয়ে একতরফাভাবে বরাদ্দ বাতিল ও পরিশোধিত অর্থ ফেরত দিতে গড়িমসি বা অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি চার্জ ইত্যাদি বাবদ বিভিন্ন খাতে প্লট হস্তান্তর পর্যন্ত একজন ক্রেতাকে প্রতি কাঠায় মোট মূল্যের বাইরে প্রায় ১৪.৫০ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় বহন করতে হয়, যা আধুনিক ও বিলাসবহুল আবাসন প্রকল্পের ক্ষেত্রে বহুলাংশে বৃদ্ধি পায়। এ ছাড়া, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমি, খাসজমি ও নদীসংলগ্ন জমি নামমাত্র মূল্যে বা জোরপূর্বক দখল করে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর আবাসন প্রকল্প সম্প্রসারণ ও সরকারি সম্পদ ব্যবহার করে। প্রভাবশালী রাজনীতিবিদ, দলীয় নেতা বা তাঁদের নিকটাত্মীয়দের রিয়েল এস্টেট কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারধারক, পদধারী বা উপদেষ্টা হিসেবে সম্পৃক্ততার মাধ্যমে কোম্পানির নিয়মবহির্ভূত কর্মকা-ে রাজনৈতিক প্রভাব ও আইনি সুরক্ষার সুযোগ সৃষ্টি করে।
অপ্রদর্শিত অর্থের সুরক্ষায় রিয়েল এস্টেট খাতের নীতি করায়ত্বের চিত্রও এই গবেষণায় উঠে এসেছে। দেখা গেছে, রিহ্যাব অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুবিধাকে বিনিয়োগ ও আবাসন বাজার চাঙ্গা রাখা, অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব বৃদ্ধি এবং অর্থ পাচার রোধের একমাত্র উপায় ইত্যাদিÑ সুনির্দিষ্ট ‘‘ন্যারেটিভ’’ বা প্রচারণার মাধ্যমে নীতিগত সিদ্ধান্ত নিজেদের অনুকূলে প্রভাবিত করতে প্রকাশ্য জনমত ও নীতি-সমর্থন গড়ে তোলে। আইনি কাঠামো পর্যালোচনায় দেখা গেছে, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৫(৭)- তে নিবন্ধন নবায়নের ক্ষেত্রে কোনো রিয়েল এস্টেট কোম্পানির পূর্ববর্তী প্রতারণা, অনিয়ম বা চুক্তি লঙ্ঘনের মতো অপরাধমূলক কর্মকা- বিবেচনা করার কোনো বাধ্যবাধকতা না থাকায় অসাধু ও অনিয়মের সাথে জড়িত কোম্পানিসমূহ সহজেই তাদের নিবন্ধনের বৈধতা বজায় রাখার সুবিধা পেতে পারে। আইনী বাধ্যবাধকতার ক্ষেত্রে, বিদ্যমান আইন ও বিধির নানা ফাঁকফোকর, শিথিল প্রয়োগ এবং সমন্বয়হীনতার সুযোগ নিয়ে রিয়েল এস্টেট ডেভেলপাররা নিয়মিতভাবে নীতি ও আইন লঙ্ঘন করছে। এছাড়া, কোনো কোনো রিয়েল এস্টেট কোম্পানি, অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই কিংবা পুরানো তারিখে ও নিয়মবহির্ভূতভাবে অনুমোদন নিয়ে আবাসিক প্রকল্প বাস্তবায়ন ও প্লট বিক্রি করে।
রিয়েল এস্টেট কোম্পানির সক্ষমতা বিশ্লেষণে দেখা গেছে, বেশিরভাগ রিয়েল এস্টেট কোম্পানির প্রয়োজনীয় সংখ্যক কর্মী, নির্ধারিত পরিমাণ জমি ও অবকাঠামো নেই। বৃহৎ ও প্রভাবশালী রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য ও স্বেচ্ছাচারী কর্মকা- নিয়ন্ত্রণে রিহ্যাব ও বিএলডিএ ব্যর্থ; পাশাপাশি অনুমোদনহীন আবাসিক প্রকল্প ও রিয়েল এস্টেট কোম্পানিগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে তাদের কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। নিয়ন্ত্রক ও তদারকি কর্তৃপক্ষের সক্ষমতা ক্ষেত্রে দেখা গেছে, রাজউক, জেলা প্রশাসকের কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, ওয়াসা, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের জনবল সংকটের কারণে কার্যকর তদারকি ব্যাহত হচ্ছে।
গবেষণায় জমি নির্বাচন ও সংগ্রহের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খাস, সরকারি ও নবাব এস্টেটের জমি আবাসন প্রকল্পের অংশ হিসেবে দেখিয়ে ব্যবহার করা হয়। কোনো কোনো রিয়েল এস্টেট কোম্পানি ভূমির মালিককে প্রতিশ্রুত মূল্য পরিশোধ করে না অথবা আংশিক মূল্য পরিশোধ করে মূল দলিল হাতিয়ে নেয়ার অভিযোগ আছে। গণমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে, কোনো কোনো প্রভাবশালী রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে তাদের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশে বাধা প্রদান, প্রকাশিত সংবাদ অপসারণের জন্য চাপ সৃষ্টি, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সাংবাদিক বা গণমাধ্যমের প্রতিনিধিদের অনৈতিক আর্থিক সুবিধা, প্লট বরাদ্দ বা অন্যান্য প্রলোভন দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
রিয়েল এস্টেট কোম্পানিগুলো নিয়মিত রাজনৈতিক দলগুলোকে অর্থায়ন ও লজিস্টিক সহায়তা প্রদান করার মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট চক্র গড়ে তুলে কোম্পানিগুলোকে নীতিগত সুরক্ষা ও অনৈতিক ব্যবসায়িক সুবিধা অর্জনের সুযোগ সৃষ্টি করে। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমি, খাসজমি ও নদীসংলগ্ন জমি নামমাত্র মূল্যে বা জোরপূর্বক দখল করে আবাসন প্রকল্প সম্প্রসারণ করে। এক্ষেত্রে রাজনৈতিক পটপরিবর্তনজনিত মালিকানা বদল সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রক সংস্থার বিধি-বিধান উপেক্ষার ধারা অব্যাহত রাখে। ড্যাপ সংশোধনে আবাসন ব্যবসায়ীদের প্রভাবে দেখা যায় যে, ২০১০-২০১৮ সময়ে ড্যাপ ১৫৮ বার সংশোধন করা হয়; ২০২২ সালে ড্যাপ (২০২২-২০৩৫) প্রণয়নের এক বছরের মধ্যেই ব্যবসায়ীদের দাবির প্রেক্ষাপটে এটি পরিবর্তনের জন্য অন্তত চারবার দাপ্তরিক উদ্যোগ নেওয়া হয়, এবং দুইবার বড় ধরনের সংশোধনী গেজেট প্রকাশিত হয়; কারিগরি সুপারিশ ছাড়াই ভবনের উচ্চতা ও ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) বৃদ্ধি করা হয়, এবং সংরক্ষিত জলাভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চলকে আবাসনযোগ্য এলাকায় রূপান্তর করা হয়।
ড. ইফতেখারুজ্জমান বলেন, ‘আবাসন খাতে অপশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি। এক্ষেত্রে নেতৃত্ব ও মূল অনুঘটক হবে সরকার। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করতে হবে এবং এক্ষেত্রে অংশীজনদের সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। শুধু রোডম্যাপই যথেষ্ট নয়; প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি, দায়িত্ব ও ক্ষমতা দিতে হবে। একইভাবে, যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের জবাবদিহির আওতায় এনে কার্যকর দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
এ খাতের সমস্যা উত্তরণের জন্য গবেষণায় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ সংশোধন ও রিয়েল এস্টেট কোম্পানিগুলোর বার্ষিক অডিট ও আর্থিক তথ্য প্রকাশ বাধ্যতামূলক করাসহ মোট ১৩টি সুপারিশ করেছে টিআইবি। যার মধ্যে উল্লেখযোগ্য হলোÑ বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫)-এ যেসব সংশোধন আনতে হবে; পরিবেশগত মূল্যায়নের (ইআইএ) পূর্ণাঙ্গ ডাটাবেজ ও ট্রাফিক মূল্যায়নের (টিআইএ) গাইডলাইন প্রণয়ন করতে হবে; বিজ্ঞাপনে প্লটমূল্যের পাশাপাশি উন্নয়ন ফি, ইউটিলিটি চার্জ ও রিফান্ড নীতি স্পষ্টভাবে উল্লেখ বাধ্যতামূলক করতে হবে। বৈশি^ক উত্তম চর্চার আলোকে এই খাতের জন্য সুনির্দিষ্ট নৈতিক আচরণবিধি প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বৈধ অনুমোদন ও ছাড়পত্র ছাড়া প্লটের বিজ্ঞাপন প্রচারে সংশ্লিষ্ট ডেভেলপার ও প্রচারমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। জমি অধিগ্রহণ, প্লট বিক্রয় এবং সংশ্লিষ্ট সকল আর্থিক লেনদেন বাধ্যতামূলকভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং তা নিয়মিত নিরীক্ষার আওতায় আনতে হবে। যেকোনো ভূমি/জলাশয়ের অবৈধ দখল, প্রকল্প ও ভূমি উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে এবং একইসাথে এই প্রক্রিয়ার সাথে জড়িত সরকারি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক প্রভাবশালী এবং অন্যান্য মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org