Published: 16 March 2026
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহ-দলনেতা শারমিন জাহান খাদিজা’র হত্যাকান্ডের ঘটনায় টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১৫ মার্চ ২০২৬ সাভারের ইসলামনগরের ভাড়া বাসায় তিনি হত্যাকান্ডের শিকার হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর। টিআইবি এই হত্যাকান্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
শারমিন জাহান খাদিজা ০৮ ডিসেম্বর ২০২৫ থেকে সদস্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপ - এর সাথে সম্পৃক্ত হয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় অবদান রেখেছেন। তিনি ২৭ জানুয়ারি ২০২৬ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপের সহ-দলনেতা (নারী) নির্বাচিত হন।
শারমিন জাহান খাদিজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপ - এর পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি’র সহকারী কোষাধ্যক্ষ, রেড ক্রিসেন্ট ইয়ুথ এর প্রশিক্ষণ টিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লিও ক্লাব এবং হায়ার স্টাডি ক্লাবের সদস্য ছিলেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে শারমিন জাহান খাদিজা’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।