Published: 08 March 2026
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নাটোর - এর সদস্য ডাঃ এ. ওয়াই. খান (জন্ম: ১৪ ফেব্রুয়ারি ১৯৬০) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০৩ মার্চ ২০২৬ বিকালে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৯ সালের ২৬ মে থেকে সনাক, নাটোর এর সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
কর্মজীবনে ডাঃ এ. ওয়াই. খান একজন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ছিলেন। বিশিষ্ট চিকিৎসক, সমাজকর্মী ও সমাজ সংগঠক ডাঃ এ. ওয়াই. খান মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, নাটোর’র পাশাপাশি অন্যান্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে ডাঃ এ. ওয়াই. খান এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।