Published: 22 July 2025
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রাম এর সদস্য বিশিষ্ট সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১৬ জুলাই ২০২৫ রাতে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ লিভার ও ডায়াবেটিস রোগে এবং দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মমিনুল ইসলাম মঞ্জু ২৬ আগস্ট ২০১৫ থেকে সনাক, কুড়িগ্রাম - এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সমাজসেবী, নির্মোহ ও স্পষ্টভাষী মমিনুল ইসলাম মঞ্জু মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, কুড়িগ্রাম এর পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া কর্মজীবনে তিনি দৈনিক সংবাদ, সমকাল, একুশে টেলিভিশন, সিএসবি টেলিভিশন, সময় টিভি এবং সর্বশেষ এখন টিভি’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে মমিনুল ইসলাম মঞ্জু’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।