সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল - এর উপদেষ্টা রাবেয়া খাতুন এর মৃত্যুতে আমরা শোকাহত

Published: 17 October 2023

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল - এর উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য রাবেয়া খাতুন (জন্ম: ০৬ সেপ্টেম্বর ১৯৪২) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর ২০২৩ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাবেয়া খাতুন ১৮ ডিসেম্বর ২০০৯ স্বজন সদস্য এবং ১৭ সেপ্টেম্বর ২০১৮ উপদেষ্টা হিসেবে সনাক, বরিশাল - এর সাথে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

রাবেয়া খাতুন ১৯৬৫ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীন ইতিহাস বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বিশিষ্ট নারীনেত্রী শিক্ষাবিদ রাবেয়া খাতুন দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, নারী অধিকার আন্দোলন ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি সফলতার সাথে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলন ও শিক্ষার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাবেয়া খাতুন এর মৃত্যুতে বরিশালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে রাবেয়া খাতুনের অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়েস, ঢাকা ইয়েস, এসিজি ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Previous Notice