সনাক, চাঁপাইনবাবগঞ্জ-এর সদস্য মোঃ আব্দুল মান্নান’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 24 January 2019

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ এর সদস্য মোঃ আব্দুল মান্নান এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২২ জানুয়ারি ২০১৯ আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
আব্দুল মান্নান ২০১৮ সালের ১৭ অক্টোবর থেকে সনাক, চাঁপাইনবাবগঞ্জ এ সদস্য হিসেবে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশিষ্ট সমাজকর্মী ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আব্দুল মান্নান মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, চাঁপাইনবাবগঞ্জ এর পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় নিরাপদ সড়ক আন্দোলনের কর্মী, উদীচী শিল্পী গোষ্ঠীর চাঁপাইনবাবগঞ্জ শাখার সদস্য, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য দিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আব্দুল মান্নান এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি সনাক এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
 

Previous Notice