সনাক, যশোর-এর সদস্য আবু সালেহ্ তোতা’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 23 September 2018

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোর এর সদস্য ও সাবেক সভাপতি আবু সালেহ্ তোতা (জন্ম: ০১ নভেম্বর ১৯৫১) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২১ সেপ্টেম্বর ২০১৮ বেলা ১২টায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক, যশোর-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী আবু সালেহ্ তোতা মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, যশোর’র পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় যশোর সুরবিতান সঙ্গীত একাডেমীর সভাপতি, খুলনা বিভাগীয় মোটরসাইকেল ডিলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি এবং যশোর সন্দীপনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আবু সালেহ্ তোতা এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
 

Previous Notice