সনাক, গাজীপুর এর সদস্য জমিলা খাতুন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 07 June 2018

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুরের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি জমিলা খাতুন এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ৩০ মে ২০১৮ বার্ধক্যজনিত কারণে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
সনাক, গাজীপুরের প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে জমিলা খাতুন স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ১৯৪৭ সালের ২ নভেম্বর গাজীপুর জেলার সদর উপজেলায় মারিয়ালি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশাগত জীবনে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর জমিলা খাতুন রেডসান ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ ছিলেন ও মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মারিয়ালি প্রি ক্যাডেট একাডেমিতে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। জমিলা খাতুন সকলের কাছে অত্যন্ত সৎ ও প্রগতিশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০০৬ সাল থেকে ২০১৮ পর্যন্ত সনাকের সাথে সদস্য হিসেবে সম্পৃক্ত থেকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। জমিলা খাতুন সনাকের পাশাপাশি ‘সাহায্যের হাত যুব সংঘ’ এর প্রধান উপদেষ্টা ছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
দুর্নীতিবিরোধী আন্দোলনে জমিলা খাতুন এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ এবং ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Previous Notice