সনাক, কুড়িগ্রামের সদস্য অধ্যাপক তপন কুমার রুদ্র’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 03 January 2016

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রামের সদস্য অধ্যাপক তপন কুমার রুদ্র (জন্ম ০১ জুলাই ১৯৫০) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০৩ জানুয়ারি ২০১৬ তারিখ দিবাগত রাতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুড়িগ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৬ সেপ্টেম্বর ২০০৯ তারিখ থেকে সনাক, কুড়িগ্রামের সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অধ্যাপক তপন কুমার রুদ্র কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এবং উদীচী কুড়িগ্রাম এর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। কুড়িগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান ছিল অসামান্য। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে অধ্যাপক তপন কুমার রুদ্র’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
 

Previous Notice